Ajker Patrika

শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২
ষোলশহর রেল ক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেল ক্রসিং এলাকায় রেললাইনে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুসহ দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনটির ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন বলে জানা গেছে।

আহত শিশু রাহাতের (১০) বাড়ি পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায়। সে আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহত ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, ‘রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শিশুটিও আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা নিহত ও আহতের নাম-ঠিকানা সংগ্রহ করছেন।’

রাহাতের বাবা মো. ফারুক বলেন, জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল তার ছেলে। ট্রেনের ধাক্কায় ছেলেটি গুরুতর আহত হয়েছে। তিনি বলেন, ‘এখন আমার ছেলের হাত নেই, পা নেই।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, রাহাতের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত