সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা

চট্টগ্রামের আনোয়ারার চাতরীতে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেট ছাড়া যানবাহন চালানোর দায়ে ৯টি মামলায় ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান সূত্রে জানা গেছে, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, লাইসেন্স ও হেলমেট ছাড়া যানবাহন চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে কয়েকটি মোটরসাইকেল, সিএনজি ও বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, যানজট নিরসনে এ অভিযান অব্যাহত থাকবে।









