Ajker Patrika

নিয়োগ জালিয়াতি: রেল পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক মৃধাসহ ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিয়োগ জালিয়াতি: রেল পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক মৃধাসহ ২ জনের কারাদণ্ড
(বাম দিক থেকে) ইউসুফ আলী মৃধা ও গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ‘ট্রেড অ্যাপ্রেনটিস’ পদে পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে নিয়োগের ঘটনায় দুদকের আরেক মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সিনিয়র ওয়েলফেয়ার অফিসার(এসডব্লিউও) গোলাম কিবরিয়াকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত আসামিদের এই দণ্ডাদেশ দেন। এদের মধ্যে ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরিয়াকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুদকের মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে দুই ও তিন বছর করে কারাদণ্ড প্রদান করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মোকাররম হোসাইন বলেন, রায় ঘোষণার সময় গোলাম কিবরিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক থাকায় ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা গেছে, খালাস পাওয়া আসামিরা হলেন- নিয়োগ কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী, শহীদুল ইসলাম ও ইলিয়াছ হোসেন।

আদালতের নথি অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে তাদের পূর্বাঞ্চলে ৪০০টি ’ট্রেড অ্যাপ্রেনটিস’ পদের জন্য ২০০৯ ও ২০১০ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যার বিপরীতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪,৩০২টি আবেদন গৃহীত হয় এবং ৮,১৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

দুদকের তদন্তে এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে জেলাভিত্তিক কোটা পদ্ধতি লঙ্ঘনের বিষয়টিও রয়েছে।

৩২টি জেলার প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত কোটার চেয়ে ৭১ জন কম নিয়োগ দেওয়া হয়েছে, অন্যদিকে বাকি ২০টি জেলার প্রার্থীরা তাদের নির্ধারিত কোটার চেয়ে ৭১টি বেশি নিয়োগ পেয়েছেন।

তদন্তকারীরা অভিযোগ করেছেন যে, নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে এবং দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করেছেন।

প্রার্থীদের লিখিত পরীক্ষার খাতা ও শিক্ষকদের টেবুলেশন শিটে ফলাফল কাটাকাটি, ঘষামাজা, গরমিল করে লিখিত পরীক্ষায় বিধি বহির্ভূতভাবে ৮ নম্বর গ্রেস প্রদানপূর্বক নম্বর বেশি দেখিয়ে ও জেলা কোটা সঠিকভাবে অনুসরণ না করে এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগ না করে ফেল করা প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ২০১৭ সাল ১২ নভেম্বর আদালত পাঁচ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। ১৬ জনের সাক্ষ্য শেষে সোমবার আদালত বহুল আলোচিত এই মামলাটির রায় দেন।

এর আগে ‘রেকর্ড কিপার’ পদে নিয়োগ জালিয়াতির ঘটনায় দুদকের পৃথক মামলায় একই আদালত গত ২২ নভেম্বর ইউসুফ আলী মৃধাকে দুই বছর ও গোলাম কিবরিয়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত