Ajker Patrika

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৮: ১৭
আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন অর্থমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

আগামী দুই বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের দিকে। চট্টগ্রামে করিডর হবে, চায়নিজ ইকোনমিক হাব হবে, বিমানবন্দরে কার্গো হাব হচ্ছে, লজিস্টিক হাব করা হচ্ছে—সব মিলিয়ে বাজেটে তার প্রতিফলন ঘটেছে।

আজ শনিবার চট্টগ্রাম সফরে এসে সকালে বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, বিশ্বের আগামী দিনের বিনিয়োগের মূল গন্তব্য হবে বাংলাদেশ। এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য সরকার কাজ করছে এবং দেশ সেই দিকে এগিয়ে যাবে।

এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে স্থাপিত ৫০ শয্যার বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কেবল অর্থ বরাদ্দ বা অবকাঠামো উন্নয়নই এখানে যথেষ্ট নয়। স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের জন্য আপনাদের ইনস্টিটিউট এবং সেবা খাতে আপনারা যাঁরা প্রফেশনাল ও ফ্যাকাল্টি আছেন, সবাইকে পুনরায় চিন্তা করতে হবে। পুরো প্রক্রিয়াটি একদম রিসেট করতে হবে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা ছাড়া শুধু সরকারের বিনিয়োগের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না, পরিবর্তনের জন্য আপনাদের ভেতরে গুণগত মানেরও পরিবর্তন আনতে হবে।’

স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যৌথভাবে করণীয় নির্ধারণের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে সরকারের কী কী করণীয় আছে, সেটা আপনারা প্রস্তাব করেন, আর আপনাদেরও কী করণীয় আছে, ওটাও বলেন একসঙ্গে। কারণ, সরকার তো একাই সব করতে পারবে না। আবার সরকার বিনিয়োগ করলেই যে স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে, তা-ও নিশ্চিত না। এ জন্য গুণগত মান উন্নয়ন করার জন্য আপনারা চিন্তা করেন, বসেন। কীভাবে ইতিবাচক স্বাস্থ্য খাতে উন্নয়ন করা যায়। চলমান প্রক্রিয়ায় স্বাস্থ্য খাত চলতে থাকলে স্বাস্থ্যসেবার মানের পরিবর্তন হবে না।’

খারাপ চর্চা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘এই দেশটিতে আমরা অনেক কিছুতে অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত হয়ে গেছি খারাপ প্র্যাকটিসে। এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

এবার স্বাস্থ্য খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় বড় বাজেট দেওয়া হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প ইমপ্লিমেন্টের জন্য সরকার তৈরি আছে। এ জন্য এবার বাজেটে স্বাস্থ্য খাতে এত বড় বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্য কোনো সময় হয়নি। আমরা চাই, এই টাকাগুলো যেখানে ইমপ্লিমেন্ট করা হবে, সেটার প্রতিদান যেন দেশের সব মানুষ পায়।’

দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এসবের উপস্থিতি অনেক দিন ধরেই ছিল, প্রচুর দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই।’

হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনার কারণে স্থবির হয়ে থাকা হামের টিকাদান কর্মসূচি বর্তমান সরকারের আমলে শতভাগ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আগের সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে হামের শতভাগ ভ্যাকসিনেশন নিশ্চিত করেছে। আগে যারা আক্রান্ত হয়েছিল, তাদের জন্য আমাদের বেশি কিছু করার ছিল না। কিন্তু এখন আমরা সুরক্ষা কবচ তৈরি করেছি।’

চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমির খসরু বলেন, ‘চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু নিয়ে শঙ্কা অনেকটা কমে এসেছে। মশার উপদ্রবও আগের চেয়ে নিয়ন্ত্রিত। চট্টগ্রাম মহানগর এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি, যা অনেক বড় সাফল্য।’

দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের ঋণের দায় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সত্ত্বেও সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে একটি বড় বাজেট পেশ করেছে। বাজেট বাস্তবায়নকে তিনি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার তসলিম উদ্দিন, চসিক মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত