
পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও জাতিসত্তার ওপর দমন-পীড়ন বন্ধ, ভূমি দখল রোধ এবং ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামে বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত কনভেনশনে বিএনপি সরকার গঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক তিনটি কমিটি বাতিল, ‘অপারেশন উত্তরণ’ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলরুমে কনভেনশনটি অনুষ্ঠিত হয়।
কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উষাতন চাকমার সভাপতিত্বে এবং সদস্যসচিব বাবুধন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্র প্রতিনিধি, হেডম্যান, কারবারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ অংশ নেন।
সাজেকসহ বিভিন্ন এলাকায় জনগণের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দেওয়া এবং সেনা অভিযান বন্ধের দাবিও তোলা হয়।
তিন পার্বত্য জেলা পরিষদে রাজনৈতিক মনোনয়ন বাতিল করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা, বিনা বিচারে আটক বম জাতিসত্তার নারী-পুরুষসহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সাজেক থেকে নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
আঞ্চলিক পরিষদের অবৈধ নিয়োগ বাতিল, আর্থিক অনিয়মের তদন্ত, বিতর্কিত ব্যক্তিদের অপসারণ এবং নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয়।
দাবি আদায়ে স্মারকলিপি পেশ, গণস্বাক্ষর সংগ্রহ, দেয়াললিখন, উঠান বৈঠক, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, পদযাত্রা, মহাসমাবেশ, অবরোধ ও ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন উষাতন চাকমা।
কনভেনশনের লিখিত বক্তব্যে উষাতন চাকমা বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র ও ন্যায়বিচারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আজও বাস্তবায়িত হয়নি।’
বর্তমান সরকারও কর্তৃত্ববাদী প্রবণতা ও রাজনৈতিক দমন-পীড়নের দিকে এগোচ্ছে বলে অভিযোগ করেন উষাতন চাকমা।
কনভেনশনে আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভানেত্রী কণিকা দেওয়ান, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের লাবনী তঞ্চঙ্গ্যা, লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা, রিংরং ম্রো, লাংকম ম্রো, মনি স্বপন চাকমা, বিকারণ ত্রিপুরা, কাঞ্চন ত্রিপুরা, নতুন জয় চাকমা, জিকো চাকমা, হেডম্যান নিলাপ্রু মারমা, প্রহলাদ চাকমা, সেন্ট্র চাকমা ও হেমন্ত চাকমা।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রতিরোধ সংস্কৃতি স্কোয়াডের পরিবেশনায় একটি নাটিকা প্রদর্শিত হয়।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২৫ লাখ টাকা। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
৪ মিনিট আগে
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতা, সার্বক্ষণিক আলো ও সিসিটিভি চালু রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি অপ্রীতিকর ঘটনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আশঙ্কার কথাও বলেন।
৭ মিনিট আগে
খুলনার হরিণটানা থানার জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ দল। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২২ মিনিট আগে