
চাঁদপুরের কচুয়ায় পরকীয়ার জেরে এক কাপড় ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে বিতারা ইউনিয়নের উত্তর বিতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল হক (৪৫)। তিনি বিতারা গ্রামের খলিফাবাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন একই গ্রামের জালাল উদ্দিন, আমান উল্লাহ্ ও রফিকুল ইসলাম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শুকুর আলী প্রবাসে থাকার সুযোগে তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নুরুল। শুকুর পরে দেশে এসে বিষয়টি জানতে পেরে স্ত্রীকে তালাক দেন। এ নিয়ে তাঁর সঙ্গে নুরুলের বিরোধ চলছিল।
নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, শনিবার রাতে শুকুর, জালাল ও জাহাঙ্গীর আলম মিলে নুরুলকে বাড়ি থেকে ডেকে জাহাঙ্গীর খলিফার নতুন বাড়িতে নিয়ে যান। পরে তাঁর ফিরতে দেরি দেখে জাহানারা খোঁজ নিয়ে জাহাঙ্গীর খলিফার বাড়িতে গিয়ে দেখেন তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জাহানারা তাঁর স্বামীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের ভাই আল-আমিন ও মহসিন অভিযোগ করেন, নুরুলকে শুকুর, জাহাঙ্গীর আলম, জালালসহ একদল সন্ত্রাসী কুপিয়ে হত্যা করেছে।
যোগাযোগ করা হলে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরে জাহানারার করা মামলায় জালালকে আসামি করে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।
ওসি আজিজুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। মূল আসামি শুক্কুর আলীসহ আরও যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে