কুমিল্লা বন বিভাগ: আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে ঘুষ লেনদেন বন কর্মকর্তার
• ট্রাকপ্রতি ২-৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
• ঘুষের টাকা আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে
• ১০ দিনে ওই অ্যাকাউন্টে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন

কাঠ বহনকারী ট্রাক আটকে ২ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে। ঘুষের টাকা অভিযুক্ত নাজমুলের আত্মীয় এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, কাঠ বহনকারী ট্রাক ধরার জন্য কর্মকর্তা নাজমুল হাইওয়েতে নিজের একটি প্রাইভেট কার রেখেছেন। চেকিংয়ের নামে ট্রাক দাঁড় করিয়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়। আর এই কাজে তাঁকে সহায়তা করেন বন বিভাগের বাবুল মিয়াসহ আরও দুজন গার্ডসহ স্থানীয় কয়েকজন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, তাঁদের চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ। ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র থাকলেও কাঠ বহনকারী ট্রাক আটক করে ২, ৩, ৪ এবং ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করেন তাঁরা। আর টাকা না দিলে নানা অজুহাতে মামলা দিয়ে ট্রাক ও মালামাল আটকে দেওয়া হয়।
চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম বলেন, গত ৫ অক্টোবর সকালে এক ট্রাক কাঠ নিয়ে কুমিল্লা দিয়ে ঢাকা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টায় কুমিল্লার শুয়াগাজী পার হওয়ার সময় শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের নির্দেশে তাঁর কাঠ বহনকারী ট্রাক দাঁড় করায় স্টেশনের লোকজন। এরপর চলে দেনদরবার। একপর্যায়ে ৪ লাখ টাকায় দফারফা হয় স্টেশন কর্মকর্তা মো. নাজমুল হাসানের সঙ্গে। এই ৪ লাখ টাকা সাউথইস্ট ব্যাংক বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখার আমেনা ফেরদৌস নামে এক মহিলার নামে জমা দেন বলে জানান ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম।
অভিযুক্ত কর্মকর্তা নাজমুলের আত্মীয় আমেনা ফেরদৌস। আজকের পত্রিকার অনুসন্ধানে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখার আমেনা ফেরদৌসের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করা হয়। সেখানে ব্যবসায়ী সিরাজুলের বক্তব্যের মিল পাওয়া যায়। ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, ৫ অক্টোবর সাউথইস্ট ব্যাংক বারইয়ারহাট শাখা থেকে
আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের অ্যাকাউন্টে ৪ লাখ টাকা জমা হয়েছে।
এ ছাড়া আরও দেখা যায়, আমেনা ফেরদৌসের এই হিসাবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে। ৫ অক্টোবরের ওই ৪ লাখ টাকা জমা ছাড়াও এই হিসাবে এই কয়েক দিনে আরও ১৫ লাখ টাকা জমা হয়েছে, যা অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা।
এই বিষয়ে আমেনা বেগম আজকের পত্রিকাকে বলেন, তিনি কিছু করেন না এবং তিনি একজন গৃহিণী। তিনি আর কোনো কথা না বলে ফোন কেটে দেন। যোগাযোগ করা হলে ন্যাশনাল ব্যাংক ঢাকার মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিন কোনো মন্তব্য করতে চাননি।
এ বিষয়ে কুমিল্লা বন বিভাগের শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানকে প্রশ্ন করা হলে তিনি উল্টো আজকের পত্রিকার কাছে জানতে চান—কে কে টাকা নিয়েছে। এ সময় তাঁর গার্ড বাবুল মিয়ার নাম বললে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। পরে আবার কথা বলবেন বলে জানালেও তিনি আর ফোন ধরেননি।
এ বিষয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নুরুন্নাহারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।









