সাইফ পাওয়ারটেকের শ্রমিকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা ব্যাহত বন্দরের কার্যক্রম

বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন তাঁরা। এতে কয়েক ঘণ্টা ব্যাহত হয় বন্দরের কনটেইনার ওঠানামার কার্যক্রম।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির শত শত শ্রমিক অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। এ সময় টার্মিনালের ক্রেন বন্ধ থাকায় জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, দীর্ঘদিনের চাকরিসংক্রান্ত পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে তাঁরা অনিশ্চয়তায় রয়েছেন। এসব পাওনা নিশ্চিত করার পাশাপাশি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাঁরা কর্মবিরতিতে নেমেছেন। বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়া চললেও শ্রমিকদের এসব দাবি পূরণ হচ্ছে না বলে অভিযোগ তাঁদের।

তথ্যমতে, এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে। অন্যদিকে, সিসিটি পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে সরকার। নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, শ্রমিকেরা সকালে আন্দোলন করেছেন। কয়েক ঘণ্টা কর্মসূচি পালনের পর তাঁরা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।









