
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ। বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মুজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান মুজিবুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপি এই অভিযোগ করেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনিও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থক আওয়াল হোসেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর থেকে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর মধ্যে ৩০ ডিসেম্বর পুঁইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সালমা বাজার এলাকায় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মিছিল যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপর ২ জানুয়ারি মোস্তাফিজুর রহমানের নির্বাচনী সভা থেকে বাঁশখালীতে অন্য প্রার্থীর এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে মুজিবুল হক চৌধুরী হুমকি দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
হুমকি দেওয়ার সেই ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে। সেখানে মুজিবুল হককে বলতে শোনা যায়, ‘এজেন্ট দিতে দেব না, ৫ তারিখের পর বুঝবা মুজিব চেয়ারম্যান কী।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মুজিবুল হকের এমন বক্তব্যের পর বিভিন্ন প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। বর্তমানে এমপির বাড়িতে দিনের বেশির ভাগ সময় অবস্থান করছেন মুজিবুল হক। তাঁর বিরুদ্ধে দুই দিন আগে মামলা করে দুদক। পুলিশ নাকি তাঁকে খুঁজে পাচ্ছে না। ৩ জানুয়ারি ভোরে এমপির বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু মুজিবুল হককে না পেয়ে ফেরত যায় তারা।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেলে চাম্বল বাজারে ইউপি চেয়ারম্যান মুজিবুল হক বলেন, ‘পুলিশ আমার কিছুই করতে পারবে না। এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে পুলিশের জানা নেই। আমাদের এলাকায় ভোটকেন্দ্রে নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ও ভোটারদের ঢুকতে দেওয়া হবে না।’
মুজিবুল হকের এমন হুমকিতে সাধারণ ভোটার ও এজেন্টরা ভীতির মধ্য রয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। পাশাপাশি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্বতন্ত্র প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হুমকির বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৫ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৫ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৬ ঘণ্টা আগে