
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
জানা গেছে, প্রায় এক যুগ ধরে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় লবণ কারখানার পরিত্যক্ত পানির সঙ্গে মিষ্টি পানি মিশিয়ে প্রায় ১০০ একর খোলা জমিতে লবণ চাষ করা হচ্ছে। পলিথিন ট্রে ব্যবহার করে উৎপাদিত এই লবণ খাবারের কাজে ব্যবহৃত না হলেও দেশের বিভিন্ন শিল্প কারখানা, হ্যাচারি, কৃষিকাজ, মাছ ও চামড়া সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। এতে বছরে উৎপাদন হচ্ছে কোটি টাকার লবণ।
লবণচাষিদের অভিযোগ, এখন পর্যন্ত এই খাতে কোনো সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা নেই। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পটিয়ার কর্তৃপক্ষ কার্যকর তদারকি করছে না। তাঁরা যথাযথ সহায়তা ও প্রশিক্ষণ পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
বাঁশখালী উপজেলার ভ্রাম্যমাণ লবণচাষি জসিম উদ্দিন জানান, তিনি প্রায় এক যুগ ধরে লবণ কারখানার পরিত্যক্ত পানি ব্যবহার করে লবণ চাষ করে আসছেন। এবার তিনি ১৬ বিঘা জমিতে এই পদ্ধতিতে লবণ চাষ করেছেন। তাঁর ভাষ্য, প্রতি একর জমিতে প্রায় ১০০ মণ লবণ উৎপাদন হয় এবং প্রতি সপ্তাহে জমি থেকে লবণ সংগ্রহ করা যায়।
উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জসিম উদ্দিন বলেন, লবণ কারখানার পরিত্যক্ত পানি প্রথমে একটি পুকুরে জমানো হয়। পরে খালের মিষ্টি পানির সঙ্গে মিশিয়ে খোলা জমিতে পলিথিন ট্রেতে জমিয়ে লবণ উৎপাদন করা হয়। এতে একদিকে পরিত্যক্ত পানি কাজে লাগছে, অন্যদিকে জমির মালিকও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন।
পটিয়া সদরের ইন্দ্রপুল এলাকার জে কে সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের বিক্রয় ও বিপণন কর্মকর্তা মনসুর আলম জানান, ইন্দ্রপুল এলাকায় প্রায় ১০০ একর জমিতে পরিত্যক্ত পানি ব্যবহার করে বছরে প্রায় ১০ হাজার টন লবণ উৎপাদন হয়। মানভেদে এই লবণের বাজারমূল্য বছরে ১০ কোটি টাকার বেশি।
নাম প্রকাশ না করার শর্তে এক লবণ মিল মালিক অভিযোগ করেন, পরিত্যক্ত পানি দিয়ে উৎপাদিত এই লবণ খাবার উপযোগী না হলেও কিছু অসাধু ব্যবসায়ী তা খাবার লবণের সঙ্গে মিশিয়ে বাজারজাত করেন; যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বিসিক সূত্রে জানা গেছে, পটিয়া ইন্দ্রপুল এলাকায় একসময় ৫০-৬০টি লবণ কারখানা ছিল। তবে বাইপাস সড়ক নির্মাণ ও করোনার প্রভাবে অনেক মিল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে প্রায় ৩০-৪০টি লবণ কারখানা চালু রয়েছে। এসব কারখানা কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ থেকে কাঁচামাল এনে খাবার উপযোগী লবণ উৎপাদন করা হয়।
পটিয়া লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, পরিত্যক্ত পানি ব্যবহার করে লবণ উৎপাদনের ফলে খালে সরাসরি বর্জ্য পানি পড়ছে না। এতে পানির লবণাক্ততা বাড়ছে না এবং আশপাশের জমিও চাষাবাদের উপযোগী থাকছে। পরিবেশের দিক থেকেও এটি ইতিবাচক উদ্যোগ।
পটিয়া বিসিক শিল্প নগরীর কর্মকর্তা রমেশ চন্দ্র সাহা বলেন, ‘ইন্দ্রপুল এলাকায় লবণ কারখানার পরিত্যক্ত পানি ব্যবহার করে বছরে প্রায় ১০ হাজার টন লবণ উৎপাদন হচ্ছে। এটি এই অঞ্চলের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এসব চাষি সরকারি প্রশিক্ষণের আওতায় আসেননি।’

কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট-বড় গরুর খামারগুলোতে এখন চলছে ব্যস্ত সময়। সারা বছর যত্নে লালন-পালন করা পশু বিক্রি করে বড় লাভের আশায় দিনরাত পরিশ্রম করছেন খামারিরা। ঈদ উপলক্ষে খামারগুলোতে চলছে বাড়তি পরিচর্যা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং শেষ মুহূর্তের প্রস্তুতি।
৩ মিনিট আগে
চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুড়ি বেগম ও তাঁর ছেলে মনিরুল ইসলাম। তাঁরা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের শিক্ষার্থী। উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তাঁরা পরীক্ষায়...
৮ মিনিট আগে
ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিতসহ পাঁচ দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট এলাকা থেকে মশাল মিছিল...
১ ঘণ্টা আগে