
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে দোকানপাট ও যান চলাচল বন্ধ ছিল। আজ রোববার শুরু হওয়া এ কর্মসূচিতে জনজীবন স্থবির হয়ে পড়ে।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে ২১ জুলাই রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৬ জুলাই থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন না হওয়ায় তারা এ কর্মসূচি পালন করছে।
একই দাবিতে ১৬ জুলাই সংগঠনটির উদ্যোগে ফটিকছড়ি উত্তর উপজেলার তিন ইউনিয়নের বাসিন্দারা শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেন।
হরতালের প্রথম দিনে দাঁতমারা, নারায়ণহাট ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বাজারগুলোতে থমথমে পরিবেশ দেখা গেছে। গহিরা-হেয়াঁকো সড়ক ও ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ ছিল। এতে বিভিন্ন গন্তব্যে যাতায়াতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অধিকাংশ দোকানপাটও বন্ধ ছিল।
বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে হরতাল-সমর্থকদের অবস্থান নিতে দেখা গেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো বাধা দেওয়া হয়নি।
বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াঁকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট এলাকায় আন্দোলনকারীরা পিকেটিং, বিক্ষোভ ও মিছিল করেন। শান্তিরহাট ও দাঁতমারা বাজার এলাকায় যান চলাচল বন্ধ থাকায় আন্দোলনকারীদের সড়কে ফুটবল ও ক্রিকেট খেলতেও দেখা যায়। তবে দিনভর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আন্দোলনকারী হাসান শামসুদ্দীন বলেন, ‘এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি উত্তর ফটিকছড়ির সাধারণ মানুষের ন্যায্য অধিকারের আন্দোলন। আমরা যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ বলেন, উত্তর উপজেলার সদর দপ্তর ন্যায্যতার ভিত্তিতে উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। সেই দাবির অংশ হিসেবে আজকের হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতালের কারণে দিনব্যাপী যান চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাড়ির পাশ থেকে মমতাজ (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যা।
৬ মিনিট আগে
ইমরান শেখ নামের টাকা গ্রহীতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিস কক্ষে চেয়ারে বসেই গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন।
১৪ মিনিট আগে
উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যরা যে পানি পান করেন, আজ সকালে সে পানি গ্লাসে নেওয়ার পর তাতে সাদা ফেনা এবং বিষাক্ত গন্ধ পাওয়া যায়। তবে পুলিশ সদস্যরা সেই পানি পান না করায় কোনো বিপদ ঘটেনি।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১ ঘণ্টা আগে