
চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ জহুরুল আলম জসিম ও তাঁর স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার বিকেলে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলা দুটি করেছেন কার্যালয়টির সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। দুর্নীতির মাধ্যমে ৭ কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে জসিম ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক এই মামলা করা হয়।
অভিযুক্ত জসিম নগরের পূর্ব ফিরোজ শাহ কলোনির এ কে এম আবিউল হকের ছেলে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতা। তাঁর স্ত্রীও একই এলাকার বাসিন্দা।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে সুবেল আহমেদ জানান, জহুরুল আলম জসিমের বিরুদ্ধে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৩৭৫ টাকা সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৮৯২ টাকা সম্পদ অর্জনপূর্বক ভোগদখলের অভিযোগে একটি মামলা করা হয়েছে।
আর জসিমের স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩২ টাকা সম্পদ অর্জন এবং ১২ লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে মামলা করেছে দুদক।
উল্লেখ্য, নগরীর আকবরশাহ থানা এলাকায় পাহাড় নিধনের অভিযোগে জসিমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০২৩ সালের ২৬ জানুয়ারি চট্টগ্রামে পাহাড় পরিদর্শনে আসা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রয়েছে। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি জসিম। বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলাও হয়েছে। অভ্যুত্থানের পর পলাতক থাকাবস্থায় গত ৫ মার্চ সাবেক কাউন্সিলর জসিম ঢাকা থেকে গ্রেপ্তার হন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৩ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৭ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে