Ajker Patrika

চবির হলে মাদকবিরোধী অভিযান, ৮ জন শনাক্ত

চবি প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২২: ২৮
চবির হলে মাদকবিরোধী অভিযান, ৮ জন শনাক্ত
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের দুটি কক্ষে অভিযান চালিয়ে আটজনকে মাদক সেবনের অভিযোগে শনাক্ত করেছে হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এদিকে, একই হলে অন্য একটি কক্ষে অভিযান পরিচালনার সময় দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

আজ শুক্রবার সন্ধ্যায় হলের সি-ব্লকের ৬১২ ও ১০৪ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান। সেখানে সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে কক্ষটি তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা ও আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালানোর সময় ইতিহাস বিভাগ ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীর দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের পরিচয় বুঝতে না পেরে তাঁরা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ ফারুক বলেন, অভিযান চালিয়ে গাঁজা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গানবাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে। কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক শহীদ ফরহাদ হোসেন হলের হাউস টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘কক্ষ তল্লাশির সময় আমিসহ আমাদের হাউস টিউটরকে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেয়। এ সময় তাদের আচরণ ছিল আক্রমণাত্মক। আমরা শিক্ষক বলার পরেও তারা উগ্র আচরণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত