সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার লরিচালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। তিনি নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।
চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা লরিচালককে গ্রেপ্তারসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন। তাঁদের উত্থাপিত দাবিগুলোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাই এলাকা থেকে দুর্ঘটনায় প্রধান অভিযুক্ত ওই লরিচালককে গ্রেপ্তার করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছে। তাঁকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় বেপরোয়া গতির লরিচাপায় মাইশা মুশফিরাত (২১) নামে ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীসহ মহাসড়কে উল্টে যাওয়া মিনিবাসের আরও ১০ যাত্রী আহত হন। এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।









