
চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসকক্ষে এবং বিচারকের খাসকামরায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে এ হামলার এ ঘটনা ঘটে।
ঘটনার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিচারক মো. উজ্জল মাহমুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনের মামলায় যুবদল নেতা তুফান আলীকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ মামলাটির শুনানি ছিল। শুনানির একপর্যায়ে মামলার পরোয়ানাভুক্ত চার আসামির জামিন মঞ্জুর করেন আদালত। তবে তুফান আলীর জামিনের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসায় আদালত প্রাঙ্গণে উপস্থিত রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
আদালত সূত্রের ভাষ্য, ওই সময় আদালতকক্ষে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিচারক মো. উজ্জল মাহমুদ মন্তব্য করেন। এ নিয়ে আদালতে উপস্থিত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সঙ্গে বিচারকের কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন এজলাসের জানালা ও বিচারকের খাসকামরার দরজার কাচ ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় বিচারক তৎকালীন ও বর্তমান সরকার নিয়ে মন্তব্য করায় উত্তেজনা সৃষ্টি হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু বলেন, আদালতে বিদ্যুৎ না থাকায় বিচারক সরকারের সমালোচনা করেন। তাঁর ভাষ্য, বিচারকের বক্তব্যের সময় কয়েকজন ভিডিও ধারণ করতে গেলে তাঁদের নিষেধ করা হয়। এ নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন বলেন, বিদ্যুৎ নিয়ে বিজ্ঞ বিচারক সরকার ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন বিচারক বিচারকাজ পরিচালনার সময় এ ধরনের মন্তব্য করতে পারেন না।
তবে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্যে সরাসরি কোনো নেতা-কর্মীর জড়িত থাকার বিষয়টি স্বীকার করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আদালতের ভেতরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তিনি ঘটনাটিকে বহিরাগত ও দুষ্কৃতকারীদের কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব বলেন, আদালতের মতো একটি স্পর্শকাতর জায়গায় এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনাটিকে ‘মব কালচার’-এর বহিঃপ্রকাশ উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

গত ৯ মার্চ রাতে পাশের গ্রামের তিন যুবক ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান ইয়াসিন মিয়া (১৫) নামের এক শিক্ষার্থীকে। পরে আর খোঁজ না পেয়ে পরদিন নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পাঁচ মাস পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীর এখন পর্যন্ত সন্ধান মেলেনি। আজ রোববার দুপুরে একমাত্র ছেলেকে ফিরে পেতে
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় বিএডিসির সেচপাম্পের দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় প্রায় ২০০ বিঘা জমিতে সেচ বন্ধ হয়ে গেছে। আমন মৌসুমে পানি সংকটে শতাধিক কৃষক দুর্ভোগে পড়েছেন। ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে, পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। একই সঙ্গে ওই তরুণী ও তাঁর স্বজনদের অ্যাসিড হামলা ও হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
১৮ মিনিট আগে