
হাসপাতালের কোনো ধরনের কাগজপত্র নবায়ন নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নাজুক। চিকিৎসক মাত্র একজন। নেই সিজার করতে সক্ষম কোনো চিকিৎসক। এর পরেও রোগী ভর্তি নিয়ে বাইরের এক চিকিৎসককে দিয়ে করিয়েছেন অপারেশন। তার আবার চিকিৎসাসংক্রান্ত কোনো ডিগ্রির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রোপচারের পাশাপাশি অ্যানেসথেসিয়া দিয়েছেন তিনিই। এমন হাসপাতালে অস্ত্রোপচারের পর মা বেঁচে গেলেও মৃত্যু হয়েছে নবজাতকের।
গতকাল রোববার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ নারায়নপুর পূর্ব বাজারে ‘নারায়নপুর জেনারেল হাসপাতাল (প্রা.) অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ এ ঘটনা ঘটে।
গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার খিদিরপুর গ্রামের রোস্তম মোল্লা বাড়ির অটোরিকশাচালক মো. রাসেলের স্ত্রী লিমার (১৯) প্রসবব্যথা হলে নিয়ে আসেন এই হাসপাতালে। প্রথমে আল্ট্রাসনোগ্রাম করা হয়। পেটের বাচ্চা জীবিত আছে জানিয়ে নরমাল ডেলিভারি করার চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীতে বলা হয় বাচ্চা পেটেই মারা গেছে। চিকিৎসকের অবহেলায় ওই শিশুটি মারা গেছে বলে দাবি করেন তাঁরা।
গৃহবধূ লিমার শাশুড়ি ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলের এই প্রথম বাচ্চা। লিমার নিয়মিত চেকআপ করা হয়। হঠাৎ গত রাতে প্রসব ব্যথা হওয়ার পর যোগাযোগ করলে হাসপাতালের নার্স শেফালি বেগম প্রথমে বাড়িতে গিয়ে ডেলিভারি করার চেষ্টা করে। না পেরে এরপর সে আমাদের এই হাসপাতালে নিয়ে আসে। অপারেশনের সময় আমার ছেলের স্বাক্ষর হাসপাতালের লোকেরা দিয়ে দেয়। বিল্লাল শেখ নামে এক ডাক্তারকে দিয়ে সিজার করার পর পাওয়া যায় মৃত বাচ্চা। বলা হয় বাচ্চা মৃতই ছিল।’
রাসেলের বড় বোন নুরজাহান বেগম বলেন, ‘এই হাসপাতালে সিজার করার জন্য ভালো চিকিৎসক আছেন কি না, জানতে চাইলে তাঁরা চিকিৎসক আছেন বলে জানান। কিন্তু ডেলিভারির আগে ও পরের তাঁদের কার্যক্রম দেখে বুঝতে পারি পুরো হাসপাতালেই অব্যবস্থাপনা।’
মৃত নবজাতকের বাবা মো. রাসেল বলেন, ‘কোনোভাবেই বুঝতে পারিনি এই হাসপাতালের এমন পরিস্থিতি। হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই অপচিকিৎসার শিকার হয়েছি। আমার বাচ্চা মারা গেছে।’
এদিকে খোঁজ নিয়ে বিল্লাল শেখ নামের যে চিকিৎসক অস্ত্রোপচার করেছেন, তাঁর কোনো ধরনের চিকিৎসাসংক্রান্ত ডিগ্রির খোঁজ পাওয়া যায়নি। তাঁর নম্বর জোগাড়ের পর অনেকবার ফোন দেওয়া হলেও ধরেননি।
নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রা.) অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আল-আমিনের সিজার করা চিকিৎসকের নাম ও পরিচয় জানতে চাওয়া হয়। তিনি কোনো তথ্য দিতে পারেননি এবং জানান হাসপাতালে ওই চিকিৎসকের কোনো তথ্য সংরক্ষণ নেই। অনেক জিজ্ঞাসাবাদের পর ‘বিল্লাল ভাই’ নামে একজন চিকিৎসকের কথা বলেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও একমাত্র চিকিৎসক মোস্তফা ইমন চৌধুরী বলেন, ‘ভোরে এই রোগী নিয়ে আসার পর আমি নিজেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যিনি এসে সিজার করেছেন, তাঁকে এর আগে কোনো দিন দেখিনি। হাসপাতালের এমডি তাঁকে ফোনে ডেকে এনেছেন।’
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মহিব উল্লাহ সৌরভ বলেন, ‘ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর হাসপাতালের কাগজপত্র নবায়ন না করা থাকলে এখনো করার জন্য সময় আছে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে