Ajker Patrika

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪২
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অভিযুক্ত শিক্ষক নাছির আহমেদ গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় তুলপাই দারাশাহী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. নাছির আহমেদ গাজীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল থেকে অভিযোগের প্রতিবাদে ও তাঁকে বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে সব ধরনের শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সকালে শিক্ষার্থীরা দারাশাহী তুলপাই বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে বিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দেয় এবং দ্রুত বিচারের দাবিতে তিন দফা দাবি পেশ করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষককে কঠোর শাস্তির আওতায় আনা ও তদন্ত চলাকালে বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাছির আহমেদ গাজীকে বিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা।

মানববন্ধনে দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারী ও মেহেদি হাসান বলে, ‘শিক্ষার্থীরা সব ধরনের যৌন সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এর আগেও আমরা প্রধান শিক্ষকের কাছে কয়েকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু সুষ্ঠু বিচার না পাওয়ায় আমরা বাধ্য হয়ে ক্লাস বর্জন করেছি।’

সপ্তম শ্রেণির দুই নারী শিক্ষার্থী অভিযোগ করে, নাছির আহমেদ গাজী তাঁদের সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করেন এবং মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। তাঁরা ওই শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিদ্যালয়ের দাতা সদস্য জুয়েল পাটোয়ারী বলেন, ‘বিগত দিনগুলোতেও তাঁর বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ পেয়েছি। এর আগে কয়েকবার সালিসের মাধ্যমে তাঁকে সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি।’

ভুক্তভোগী এক শিক্ষার্থীর চাচা মো. জাকির হোসেন বলেন, ‘আমার ভাতিজির সঙ্গে ওই শিক্ষক খারাপ আচরণ করার পর আমি তাঁকে কারণ জিজ্ঞেস করলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং ‘‘আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না’’ বলে শাসান।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে মো. নাছির আহমেদ গাজী মোবাইল ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী তাঁকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। আজ হঠাৎ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জনের খবর পেয়ে তিনি দ্রুত বিদ্যালয়ে যান। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হয়েছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত