
চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও ছয় ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। এ অভিযোগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল খান বাদী হয়ে মামলাটি করেন। এতে ৩৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আসামিরা জড়ো হন। সেখানে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা চালানো এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মামলার প্রধান আসামি বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ (৪৮)। পুলিশ জানায়, তাঁকে ২৮ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে চাঁদপুর আদালতে তাঁকে সোপর্দ করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ফরিদগঞ্জ পৌর মেয়র মো. মাহফুজুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজমুদার, সাবেক জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান মিঠু এবং ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, এস এম কাউছার উল আলম কামরুল, শেখ হোসেন আহাম্মদ রাজন, আলাউদ্দিন ভূঁইয়া ও আলমগীর হোসেন রিপন।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরও মামলায় আসামি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ২৮ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করে ২৯ সেপ্টেম্বর সকালে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারানো লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগে
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধের ঘটনায় মোহনা আক্তার জিদনী (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।
৩৯ মিনিট আগে