জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কালীবাড়ি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কালীবাড়ি বাজারের মাছ ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল দাস (৪৫)।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুই ব্যবসায়ী দোষ স্বীকার করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্লাহ মিয়া ও উপজেলা আনসার সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









