রাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে রাতের আঁধারে দুই কৃষকের কলাবাগানের প্রায় ১ হাজার ৪০০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বাগানের অধিকাংশ গাছ নষ্ট হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা। ঋণ ও কিস্তির টাকায় গড়ে তোলা বাগান এক রাতেই নষ্ট হয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। এর আগে গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন চোমরপাথালিয়া বাজার এলাকার আবুল কালাম ফেলুর ছেলে ফরিদ ও নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান সত্তার।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, তিন বিঘা জমি বর্গা নিয়ে তাঁরা কলার চারা রোপণ করেছিলেন। দীর্ঘদিনের পরিচর্যা ও বিপুল অর্থ ব্যয়ে গড়ে তুলেছিলেন বাগানটি। চাষের খরচ জোগাতে এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি কিস্তিতেও টাকা সংগ্রহ করতে হয়েছে। কিন্তু গতকাল রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ১ হাজার ৪০০টি কলাগাছ কেটে ফেলে। এতে একদিকে তাঁদের সব পুঁজি নষ্ট হয়েছে, অন্যদিকে ঋণের কিস্তি পরিশোধ নিয়েও চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
ভুক্তভোগীদের ধারণা, পূর্বশত্রুতা ও প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাঁরা নিশ্চিত করে কারও নাম বলতে পারেননি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









