Ajker Patrika

বগুড়ার সোনাতলা: ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টা যুবদল নেতার

গনেশ দাস, বগুড়া
বগুড়ার সোনাতলা: ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টা যুবদল নেতার
বাঁশের বেড়া ও ঘর নির্মাণ করে দখল করা হয়েছে জমি। সম্প্রতি সোনাতলা উপজেলার উত্তর জোরগাছা এলাকায়। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের প্রায় দুই একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তাঁর কৃষক দল নেতা বাবার বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও জমির গাছ কেটে নেওয়া এবং স্থাপনা নির্মাণের জন্য ইট-বালু ফেলা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েও মেলেনি সুফল। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা। তাঁর দাবি, জমিটি তাঁরা কিনেছেন।

ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের বয়স এখন ৯২ বছর। বয়সের ভারে তিনি চলাফেরা করতে পারেন না। অসুস্থতার কারণে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিন হাসান জমি দখলের চেষ্টার অভিযোগে সোনাতলা থানায় লিখিত আবেদন করেছেন। অভিযোগে বলা হয়েছে, ১৯৯৭ সালে মঈদুল হাসান তরফদার সোনাতলা উপজেলার উত্তর জোরগাছা মৌজায় ১৯৮ শতক জমি কেনেন। জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। ওই জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

ইয়াসমিন হাসানের অভিযোগ, যুবদল নেতা রাসেল মাহমুদ ও তাঁর বাবা কৃষক দল নেতা মোস্তাফিজুর রহমান নান্নু আদালতের নির্দেশ অমান্য করে জমিটি দখলের চেষ্টা করছেন।

৮ নভেম্বর তাঁরা জমি থেকে দুটি আমগাছ ও দুটি কাঁঠালগাছ কেটে নিয়ে যান। পরে সেখানে স্থাপনা নির্মাণের জন্য ইট-বালু ফেলে রাখা হয়। এ কাজে বাধা দিতে গেলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

ইয়াসমিন হাসান বলেন, ‘বিষয়টি থানায় লিখিতভাবে জানিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে আদালতের আদেশ দেখানো হলে তিনি আদালত থেকে থানায় নির্দেশনা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। কিন্তু এখন পর্যন্ত কোনো আইনি সহযোগিতা পাইনি।’

অভিযোগের বিষয়ে রাসেল মাহমুদ বলেন, ‘ওই সম্পত্তি আমাদের কেনা। তাঁরা যাঁদের কাছ থেকে জমি কিনেছেন বলে দাবি করছেন, তাঁদের কাগজপত্র সঠিক নয়। আদালত থেকেও আমরা ডিক্রি পেয়েছি। সেই কাগজপত্র থানায় দেখানো হয়েছে।’

রাসেল মাহমুদ আরও বলেন, ‘মঈদুল হাসান তরফদার আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে ৩১টি মামলা দেওয়া হয়েছিল। আমার বাবার নামেও মামলা হয়েছিল। ওই জমিতে আমাদের দোকান ও কোচিং সেন্টার রয়েছে। সেখানে কাজ করার জন্য ইট-বালু রাখা হয়েছে। ভাষাসৈনিক পরিচয় ব্যবহার করে আমাদের হয়রানি করতে থানায় অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিবাদীপক্ষ আদালতের সর্বশেষ আদেশ দেখিয়েছে, সেখানে আদেশ তাঁদের পক্ষে রয়েছে। ভাষাসৈনিকের পক্ষ থেকে আদালতের আদেশের কোনো কপি দেওয়া হয়নি। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত