বগুড়ায় মহিলা আ.লীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অন্যদিকে মিল্টন হোসাইন (৪০) উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আগামীকাল আদালতে হাজির করা হবে।









