Ajker Patrika

আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলম
আজ শুক্রবার বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মীর শাহে আলম। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। সহিংসতা ও নাশকতা চালিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ হাইস্কুল মাঠেও পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটাকে দুর্বলতা ভাববেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।’

তিনি আরও বলেন, ‘কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষের শান্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়।’

গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর বাইরে তিনজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককেও হত্যা করা হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারকে একবিন্দুও নাড়ানো যাবে না। এলাকার মানুষের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ বল প্রয়োগসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দিনে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, আগামী রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার চারা ও মগ পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পানের মগ তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে প্রত্যেককে বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু চারা গ্রহণ করলেই হবে না, সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তাঁরা দেশের মানুষের কথা ভাবেন এবং দেশের উন্নয়নে কাজ করছেন। বগুড়ার সন্তানকে নিয়ে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর পাশে থেকে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, সারা বছর তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। এ সময় তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত