নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
নিহত কজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে মাজবাড়ী গ্রামের রহিম নামে এক ব্যক্তির ধানখেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে নিখোঁজ কজিবর রহমানের ছেলে পিন্টু মিয়া ঘটনাস্থলে যান। সেখানে কঙ্কালের পাশে পড়ে থাকা একটি লুঙ্গি ও ফুলহাতা শার্ট দেখে সেটি তাঁর বাবার বলে শনাক্ত করেন তিনি।
ওসি আরও জানান, কজিবর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৭ অক্টোবর দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ২২ অক্টোবর তাঁর ছেলে পিন্টু মিয়ার স্ত্রী রোজিনা আক্তার সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে কজিবর রহমানের কাছে মোবাইল ফোন না থাকায় জিডির তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি।
ওসি বলেন, উদ্ধার করা কঙ্কালটি রাসায়নিক পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









