
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের চর উমেদ গ্রামে পুরোনো একটি লোহার সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে ট্রাকচালক নাঈম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর সহকারী আলামিন (১৪)। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। সেতু ধসে পড়ায় চর উমেদ গ্রাম ও ধলীগৌরনগর ইউনিয়নের চর মোল্লাজি গ্রামের মধ্যে সহজ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিহত নাঈম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদের ছেলে। আহত আলামিন একই এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, চর উমেদ গ্রাম ও পাশের ধলীগৌরনগর ইউনিয়নের চর মোল্লাজি গ্রামের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বহু বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই সেতু দিয়েই দুই গ্রামের মানুষ যাতায়াত করে আসছিলেন।
আজ দুপুর দেড়টার দিকে বালুভর্তি একটি ট্রাক সেতু পার হয়ে চর মোল্লাজি গ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে চালক নাঈম ও সহকারী আলামিন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন খাল থেকে দুজনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আলামিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ভোলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, “গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে বরিশাল রেফার করা হয়েছে। জানা গেছে, তার হাড় ভেঙে গেছে।”
এদিকে সেতু ভেঙে পড়ায় দুই গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষকসহ সাধারণ মানুষকে এখন বিকল্প পথে ঘুরে চলাচল করতে হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
২২ মিনিট আগে
ইসলামী ব্যাংকের ঋণখেলাপি মামলায় আদালতে পাসপোর্ট জমা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের সহোদর মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। আজ বুধবার (২৪ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর নির্দেশে তিনি পাসপোর্ট জমা দেন। এস আলম পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম আদালতে হাজির হয়ে...
২৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটে রেললাইনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর এক লেন দিয়ে সারা দেশের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে