Ajker Patrika

বিজিবি সদস্য আমজাদের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
বিজিবি সদস্য আমজাদের লাশ উদ্ধার
বিজিবি সদস্য আমজাদ। ছবি: সংগৃহীত

ভোলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের তিন দিন পর অবশেষে বিজিবি সদস্য মো. আমজাদ হোসেনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। আমজাদ হোসেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে।

বিজিবি সদস্য আমজাদ হোসেনের লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম। তিনি বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরকারি একটি দিঘির পাড় সংলগ্ন মেঘনা নদী থেকে আমজাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আমজাদ হোসেনের পরিবার এসে তাঁর লাশ শনাক্ত করেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একই ঘটনায় নিখোঁজ শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাবুলের ছেলে রাকিবের (১৮) লাশ গতকাল শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বুধবার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলাখাল মাছঘাটসংলগ্ন বালুরমাঠ এলাকায় বিকেল থেকে পাঁচ বন্ধু মেঘনা নদীর পাড়ে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়লে তাঁরা সবাই পানিতে পড়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত