আজ ১২ নভেম্বর, সেই ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জনপদ। বিশেষ করে দ্বীপজেলা ভোলায় নেমে আসে মানবিক বিপর্যয়। ১২ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে আঘাত হানা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মুহূর্তেই তলিয়ে যায় উপকূলীয় চরাঞ্চলের ঘরবাড়ি ও মাঠের সোনালি ফসল। স্রোতের তোড়ে ভেসে যায় অসংখ্য মানুষ ও গবাদিপশু। পুরো উপকূল পরিণত হয় বিরানভূমিতে। প্রাণ হারান কয়েক লাখ মানুষ।
জলোচ্ছ্বাসের পর দেড় মাস পর্যন্ত স্বজন হারানো মানুষের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ছিল উপকূলের আকাশ-বাতাস। সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় বেঁচে থাকা মানুষদের।
দিবসটি স্মরণে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যায়, ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। এতে অসংখ্য জনপদ বিরানভূমিতে পরিণত হয়। উত্তাল মেঘনা নদী ও এর শাখা-প্রশাখায় ছড়িয়ে পড়েছিল অসংখ্য মানুষের মরদেহ। সেই ভয়াবহ দৃশ্য আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে অমলিন।
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াল রাতের স্মৃতিচারণ করতে গিয়ে নাজিউর রহমান ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম ফারুকুর রহমান (৮৩) আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৭০ সালের ১১ নভেম্বর সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আমরা তখনই ধারণা করেছিলাম, রাতে ভয়াবহ কিছু ঘটতে পারে। পরদিন ১২ নভেম্বর আবহাওয়া আরও খারাপ হতে থাকে। রাত ১২টার পর শুরু হয় প্রবল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। আমার বাড়ির উঠোনেই প্রায় এক বুক পানি জমেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা দোতলা টিনের ঘরে থাকতাম। ঘরের ভিটাও মাটি থেকে প্রায় আড়াই হাত উঁচু ছিল। কিছু বুঝে ওঠার আগেই দেখি ঘরের মেঝেতে প্রায় এক হাত পানি উঠে গেছে। একপর্যায়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেমে যায়। পরদিন সকালে পানি কমলেও মানুষের আহাজারি বেড়ে যায়। চারদিকে শুধু পানি আর পানি। ভোলা সদর সড়কেও হাঁটুপানি ছিল। অনেকে সেই পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন। বিভিন্ন গাছে মানুষের মরদেহ ও মৃত পশুপাখি ঝুলতে দেখা গেছে। মানুষ, পশুপাখি, সাপ ও বেজি একাকার হয়ে গিয়েছিল। কয়েক মাস মানুষ কোনো মাছ খাননি।’
১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে পালন করা হয়। উপকূলবাসীর দাবি, দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। কোস্টাল জার্নালিজম নেটওয়ার্ক (সিজেনেট) ও চেঞ্জ ইনিশিয়েটিভের উদ্যোগে উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে।
‘উপকূল দিবস’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও উপকূল সাংবাদিক হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই এই দিবস পালনের অন্যতম লক্ষ্য।’
বর্তমান দুর্যোগ প্রস্তুতি ও আশ্রয়কেন্দ্রের বিষয়ে ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের সময় উপকূলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ছিল না বললেই চলে। এ ছাড়া সংকেত ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারও ছিল দুর্বল। ফলে মানুষ যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। সচেতনতার অভাবও ছিল। এসব কারণে প্রাণহানির সংখ্যা অনেক বেশি হয়েছিল।
তিনি বলেন, বর্তমানে দেশে আধুনিক সংকেতব্যবস্থা ও ডিজিটাল তথ্যপ্রযুক্তির ব্যবহার হচ্ছে। মানুষও আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছে। ভোলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
আজিম উদ্দিন আরও বলেন, ‘ভোলায় ২২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের কাজ প্রায় শেষ হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ১২টি আশ্রয়কেন্দ্র দ্রুত নির্মাণ করা হবে। এসব আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ শেষ হলে উপকূলীয় এলাকার অনেক মানুষ ও গবাদিপশু নিরাপদ আশ্রয় নিতে পারবে।’










