চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন করেছিলেন যুবদল নেতা ইমরান হোসেন সালাম। তবে শেষ রক্ষা হয়নি। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইমরান হোসেন সালাম বাকেরগঞ্জ পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানার বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষে রোগী দেখছিলেন মেডিকেল অফিসার সুরঞ্জিত দাস। এ সময় যুবদল নেতা সালামের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে গেলে তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। পরে বিষয়টি সালামকে জানান বেলায়েত।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন সালাম। এ সময় তিনি চিকিৎসক সুরঞ্জিতের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল এবং তাঁকে মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত।
চিকিৎসক সুরঞ্জিত দাস জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর সালাম তাঁর চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনা অগ্রহণযোগ্য। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান হোসেন সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করা হয়েছে।








