বরিশালে বিসিবি পরিচালক মিজানের অপসারণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার প্রতিবাদে আজ সোমবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরচুন মিজান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করেন। এত লোক থাকতে আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তিকে কেন বিসিবির পরিচালক করা হয়েছে, সে প্রশ্নও তোলেন তাঁরা। মিজানকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।
সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ‘মিজান সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি। যাঁরা মিজানের পক্ষ নেন, তাঁদের বলব, বিএনপির ঘরে থেকে এ ধরনের দালালি বন্ধ করেন।’
এ সময় বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, আল আমিনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। তাঁর বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বরিশাল স্টেডিয়ামে তাঁর ব্যানারে আগুন দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
তবে এসব বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি জানি না। ব্যানার ছেঁড়ায় কী আসে যায়?’ প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
তারিন আরও বলেন, ফরচুন বরিশাল দল ও ক্লাবের মাধ্যমেই মিজানের ক্রীড়াঙ্গনে উত্থান। তবে মিজান নিজে কখনো খেলাধুলা করেছেন বলে তাঁর জানা নেই।










