Ajker Patrika

এআইয়ের তথ্য যাচাই-বিচারের সক্ষমতা থাকতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ৫১
এআইয়ের তথ্য যাচাই-বিচারের সক্ষমতা থাকতে হবে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। আধুনিক পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিক্ষকদেরও সেভাবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা যেন এআইয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে না পড়ে, বরং এআইয়ের দেওয়া তথ্য ও সিদ্ধান্ত বিচার-বিশ্লেষণ করার সক্ষমতা তাদের থাকতে হবে।

আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয় অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা উচিত নয়। তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।

পরীক্ষাব্যবস্থায় পরিবর্তনের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়ন ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনে পরীক্ষার মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির সব সংকট দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে পরিবহন পুলে দুটি ইলেকট্রিক বাস দেওয়া, ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন ও অডিটরিয়াম নির্মাণে বাজেট বরাদ্দ এবং আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, তা আর ধরে রাখা হয়নি। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে। তখন শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। সেই বরাদ্দ থেকে আইসিটি খাতেও অর্থ নেওয়া হতো। ফলে শিক্ষার উন্নয়ন থমকে ছিল। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নিতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে আরও ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত