Ajker Patrika

পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১: ০৮
পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি শুরু হওয়ার কিছুক্ষণ আগেই স্থগিত করা হয়েছে। এদিন মালিকপক্ষ তাদের ন্যূনতম মজুরি প্রস্তাব করার কথা ছিল।

আজ সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান।

নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

অনিবার্য কারণে এই সভা স্থগিত করা হয়েছে বলে শ্রম মন্ত্রণালয়ও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আজ সোমবার সকালে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এদিনের বৈঠকে মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব করার কথা ছিল। মালিকেরা মজুরি প্রস্তাব করবেন বলেও জানিয়েছিলেন।

এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।

তারপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত