সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার ১ ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানো হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আগামী দিনে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা করা হবে।’ আজ সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পরে আর প্রশ্নপত্র ফাঁস হয়নি। চেষ্টা যে তারা করেনি, তা নয়। প্রশ্নপত্রের আমরা সবকিছু চেঞ্জ করছি।’
মন্ত্রী বলেন, ‘মুখস্থনির্ভর পড়াশোনার দিন শেষ হয়ে গেছে। আধুনিক পদ্ধতিতে এআই সিস্টেমে শিক্ষার্থীরা কীভাবে শিখতে পারবে এবং কীভাবে শিক্ষকেরা শিক্ষকতা করতে পারবেন, সেই ব্যবস্থা হাতে নিয়েছি। তবে শিক্ষার্থীদের এআই-নির্ভরশীল হলে হবে না। এআইকে বিচার করার সক্ষমতা শিক্ষার্থীদের থাকতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় অতিরঞ্জিত উপস্থাপন না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে। শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিত, সেখান থেকে আবার আইসিটি খাতেও নেওয়া হতো। ফলে শিক্ষার উন্নয়ন থমকে থাকত। বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার সব সংকট দ্রুত সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দুটি ইলেকট্রনিক বাস, ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন এবং অডিটরিয়ামের জন্য বাজেট বরাদ্দ, আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মামুন খন্দকার প্রমুখ।









