আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাহমিদা ইলিয়াস উপজেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তিনি গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ জানায়, গত ৬ নভেম্বর রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় কবির বখতিয়ারের বাড়ির সামনে পাকা সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় ৭ নভেম্বর আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।








