Ajker Patrika

আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেন ইউএনও আসমা উল হুসনা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে ওই পরিবারগুলোর পাশে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি সরেজমিনে ভাঙনকবলিত উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রাম পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য সহায়তা দেন।

এ সময় রহমতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল ও মোহাম্মদ শাহীন হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, টানা বৃষ্টি ও আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির ফলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত রোববার বিকেলে উপজেলার লোহালিয়া গ্রামের নদের তীরবর্তী প্রায় ১০০ ফুট এলাকায় বড় ধরনের ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে সন্ধ্যার দিকে চোখের পলকে ৫০ ফুট সড়কসহ অন্তত ১০টি পরিবারের বসতভিটা, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়। হঠাৎ নদীভাঙন শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজনীয় ঘরবাড়ি ও মালামাল সরিয়ে নেওয়ার সুযোগও পাননি। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন নদীপাড়ে বিলাপ করছেন। ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মো. কলম সরদার, আজহার মোল্লা, মতলব হাওলাদার, হাকিম হাওলাদার, মোহাম্মদ হাসিব, সুফিয়া বেগম, কালাম সরদার ও সামসু হাওলাদারসহ আরও অনেকে।

আরও বড় ধরনের বিপর্যয় এড়াতে আড়িয়াল খাঁ নদের ভাঙনপ্রবণ এলাকায় অবিলম্বে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন স্থানীয় বসতভিটা হারানো বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শিগগির বিস্তীর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ জানান, হঠাৎ নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আড়িয়াল খাঁ নদে এই ভাঙন দেখা দিয়েছে। এতে বেশ কিছু ঘরবাড়ি বিলীন হওয়ার খবর পাওয়া গেছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত