Ajker Patrika

পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯: ৫৮
পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: আজকের পত্রিকা

গোলাপি শাড়িতে রঙিন হয়ে উঠেছিল বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। পুরোনো দিনের স্মৃতি, সহপাঠীদের সঙ্গে পুনর্মিলন আর আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন তিন হাজারের বেশি প্রাক্তন ছাত্রী। তাঁদের কেউ বয়সের ভারে নুয়ে পড়েছেন, কেউ মধ্যবয়সী, আবার কেউ কয়েক বছর আগেই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েছেন। বয়স ও পেশার ভেদাভেদ ভুলে সবাই ফিরে গিয়েছিলেন স্কুলজীবনের সেই দিনগুলোতে।

এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে কেউ হয়েছেন শিক্ষক, কেউ চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে ফিরেছেন ফেলে আসা শৈশবের স্মৃতি। পুরোনো সহপাঠীকে কাছে পেয়ে কেউ হয়েছেন আবেগাপ্লুত, কেউ আবার স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রেখেছেন।

আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বগুড়া রোডের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান সরওয়ার ও বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিলকিস আক্তার জাহান শিরীন।

বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা
বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি: আজকের পত্রিকা

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, লেখাপড়ার পাশাপাশি এ বিদ্যালয়ের রয়েছে ভিন্ন রকমের ইতিহাস। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের প্রথম বেসরকারি সচিবালয় এ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয় থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন, এখন প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার সময় এসেছে।

উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের শতবর্ষ অনুষ্ঠানে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। এতে তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে অনেক প্রবাসী শিক্ষার্থীও অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন।

উৎসবের দ্বিতীয় দিনেও থাকছে নানা আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত