টানা বর্ষণে বরগুনার জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বরগুনাসহ উপকূলীয় এলাকায় টানা তিন দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে দেখা দিয়েছে উদ্বেগ। জমিতে পানি জমে শীতকালীন সবজির বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দমকা হাওয়ায় পাকা ও আধাপাকা ধানও মাটিতে নুয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি শুরু হয়। তবে গতকাল শুক্রবার ও আজ শনিবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও জেলেরা।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালতলী উপজেলার সওদাগরপাড়া এলাকার কৃষক শাহাদাত হোসেন বলেন, ‘টানা বৃষ্টিতে কৃষিকাজ নিয়ে দুশ্চিন্তায় আছি। নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি আরও কয়েক দিন চললে বড় ধরনের লোকসানে পড়তে হবে।’
বরগুনা সদরের বুড়িরচর এলাকার কৃষক আলাউদ্দিন আকন বলেন, মাঠে এখন বিভিন্ন ধরনের ফসল রয়েছে। কিন্তু বৃষ্টির কারণে জমিতে কাজ করা যাচ্ছে না। কোথাও কোথাও পানি জমে গেছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, বৈরী আবহাওয়ায় নদী ও সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন জেলেরা। জেলে পলাশ ও জহিরুল ইসলাম বলেন, নদী ও সাগর উত্তাল থাকায় নৌকা-ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের আয়ও বন্ধ হয়ে গেছে।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তবে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে। এতে জেলে ও শ্রমিকেরাও আর্থিক সংকটে পড়বেন।
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে এখন পর্যন্ত জেলায় কৃষির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে সাড়ে চার হেক্টর জমির খেসারি আবাদ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। জমিতে পানি না জমলে ধানের ক্ষতির আশঙ্কা নেই। তবে শীতকালীন কিছু সবজি ছত্রাকজনিত রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া বৃষ্টির কারণে রবি ফসলের আবাদ ১০ থেকে ১২ দিন পিছিয়ে যেতে পারে।









