Ajker Patrika

পাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
কয়েকটি দলে বিভক্ত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান করেন পাথরঘাটার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যেন পাথরঘাটায় নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও পাড়া-মহল্লায় নেতা-কর্মীদের পাহারা দিতে দেখা যায়। কয়েকটি দলে বিভক্ত হয়ে তাঁরা রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন।

পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে পাথরঘাটার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিশোধ বা সংঘাতের রাজনীতি চাই না। আমরা চাই, পাথরঘাটার মানুষ নিরাপদে বসবাস করুক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছি। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

কয়েকটি দলে বিভক্ত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান করেন পাথরঘাটার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
কয়েকটি দলে বিভক্ত হয়ে রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান করেন পাথরঘাটার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী জানান, পাথরঘাটার শান্তিপূর্ণ পরিবেশ কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে তাঁরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেউ যেন নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। কোনো অপশক্তি পাথরঘাটার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে।’

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নেতা-কর্মীরা। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্যও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা ও নজরদারি জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত