
বরগুনার আমতলীতে ইসমাইল শাহের মাজারে বার্ষিক ওরস চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আমতলী পৌর শহরের বটতলা এলাকায় গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলার সময় মারধর, ছোটাছুটি ও আগুন নেভাতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন সোলায়মান, রেজাউল, বাদল মৃধা, দুলাল মৃধা, আবু বকর, আবুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মো. মামুন, আবুল কালাম, জোবায়ের ও ফজলুল করিম। তাঁদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বটতলা এলাকায় ১৯৯৬ সালে ইসমাইল শাহের মাজার চালু হয়। তখন থেকে মাজার কর্তৃপক্ষ দুই দিনব্যাপী বার্ষিক ওরস উদ্যাপন করে আসছে। এবার ২৮তম ওরস রোববার সন্ধ্যায় শুরু হয়। কিন্তু রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে শতাধিক ব্যক্তি ঘটনাস্থলে এসে ‘মাজার পূজা ও গানবাজনা’ বন্ধ করতে বলেন। কিন্তু মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুল ওরস বন্ধে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁদের মধ্য দ্বন্দ্ব দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ও বায়েজিদের নেতৃত্বে শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা চালান। তাঁরা ভাঙচুর করে আগুন দেন। আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় ওরসে আসা ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে মাজারের ভেতরের শামিয়ানা ও দুই ঘর পুড়ে যায়।
মাজারের খাদেম মোস্তাফিজুর বলেন, ‘ওমর ফারুক জেহাদী ও গাজী বায়েজিদের নেতৃত্বে তাদের শতাধিক সমর্থক লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে মাজারে হামলা চালায় এবং আগুন দেয়। এতে মাজারের ভেতরের গিলাফ এবং দুটি বৈঠকখানা পুড়ে ছাই হয়ে গেছে। তারা ভক্তদের মারধর ও মাজারের বাক্সে থাকা টাকা-পয়সা লুটপাট করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’
জানতে চাইলে ইসলামী আন্দোলনের নেতা বায়েজিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুক জেহাদীসহ বেশ কিছু সমর্থক গিয়ে মাজারের খাদেম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুলকে পবিত্র রমজান মাসে মাজার পূজা ও গানবাজনা করতে নিষেধ করে। কিন্তু তিনি তা মানতে নারাজ। একপর্যায়ে তাঁর ভক্তরা ক্ষিপ্ত হয়ে মাওলানা ওমর ফারুক জেহাদীর গায়ে হাত তোলে। এতে জনতা ক্ষিপ্ত হয়ে মাজার ভাঙচুর ও আগুন দিয়েছে।’

ওমর বলেন, ‘এ মাজার ভণ্ডের আস্তানা। এখানে ওরসের নামে গানবাজনা, গাঁজা-মাদক সেবন ও নারীর আসর বসে। যা সম্পূর্ণ ইসলামবিরোধী। আমরা মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলকে এই রমজান মাসে অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলেছিলাম। কিন্তু তিনি তা না শুনে তাঁর নির্দেশে তাঁর ভক্তরা আমার লোকজনের ওপর হামলা করেছে। এই ভণ্ড মাজারের খাদেম বাবুল উকিল ও তাঁর দোসরদের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে আমতলী থানার ওসি আরিফুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলীর ইউএনও আশরাফুল বলেন, ‘ঘটনার সঙ্গে যাঁরাই জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা জানাতে পারবেন এবং অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি সরাসরি অনুসরণ করতে পারবেন।
৩৪ মিনিট আগে
ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীতে অবস্থানকালে তাঁর ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে...
৩৭ মিনিট আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে ১৯ জুলাই (রোববার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই (সোমবার) ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে...
৪৪ মিনিট আগে
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ তুলেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
১ ঘণ্টা আগে