Ajker Patrika

ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের হাতে আটক আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের হাতে আটক আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী
বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে এক লাখ টাকা ঘুষসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের কাজের তদারকির দায়িত্বে ছিলেন রুবেল খান। ওই কাজের সাব ঠিকাদার নোমান রেজার অভিযোগ, কাজের বিল ও তদারকিসংক্রান্ত বিষয়ে রুবেল তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। আজ বেলা ১১টার দিকে সাবেক মেয়রের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে তাঁকে ওই টাকা দেওয়া হয়। এ সময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল তাঁকে টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, ঘুষের এক লাখ টাকাসহ রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের কাছে আগে দেওয়া তথ্যের সঙ্গে তাঁর কাছ থেকে উদ্ধার করা টাকার নম্বর মিলেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রুবেল খান। তাঁর দাবি, সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের অনিয়ম-দুর্নীতির কাজে সহযোগিতা না করায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ জন্য সাব ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে তাঁর পকেটে টাকা ঢুকিয়ে দুদকের মাধ্যমে গ্রেপ্তার করানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রুবেল আরও দাবি করেন, মতিয়ার রহমান দায়িত্বে থাকাকালে পৌরসভার উন্নয়নকাজে অনিয়ম করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এখনো তিনি বিভিন্ন কাজে অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে রাজি না হওয়ায় তাঁকে ফাঁসানো হয়েছে। সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকে মামলাও রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে সাব ঠিকাদার নোমান রেজা বলেন, রুবেল খান তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ নিয়েছেন। টাকা দেওয়ার সময় দুদকের দল তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।

জানা গেছে, আমতলী পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় এ কাজের দরপত্র ২০২৪ সালের এপ্রিলে আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন মেয়র মতিয়ার রহমান গোপনে ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটি দেন। তবে প্রতিষ্ঠানটি শুধু নামেই ঠিকাদার ছিল; প্রকৃতপক্ষে কাজের নিয়ন্ত্রণ ছিল মেয়রের হাতে। ২০২৪ সালের ৩০ জুলাই কাজ শুরুর কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শুরু হয়নি। বর্তমানে কাজটি চলমান রয়েছে। পলাতক সাবেক মেয়রের হয়ে নোমান রেজা কাজটি করছেন বলে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদক রুবেল খানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত