বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও ডিজিটাল এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের রেডিওলজি বিভাগে এক্স-রে করার দায়িত্ব পালনকালে এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা চালানো হয়। এ সময় ডিজিটাল এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। এতে মেশিনটি বিকল হয়ে পড়েছে এবং বন্ধ রয়েছে এক্স-রে বিভাগের কার্যক্রম। ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
বক্তারা আরও বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনা গ্রহণযোগ্য নয়। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগের বিষয়ে মাইনুল ইসলাম লিটন বলেন, তিনি তাঁর ভাবিকে এক্স-রে করাতে গিয়েছিলেন। এ সময় পরিবারের কয়েকজন সদস্যও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর অভিযোগ, টেকনোলজিস্ট আবুল হোসেন পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করেন এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদ করলে আবুল হোসেন কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে তাঁকে সরিয়ে দরজা খুলে তাঁরা বের হয়ে আসেন। তবে ওই টেকনোলজিস্টকে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে বরগুনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।









