Ajker Patrika

বরগুনায় সীমানাপ্রাচীর টপকে বিচারকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ, আটক ২

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ৩০
বরগুনায় সীমানাপ্রাচীর টপকে বিচারকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ, আটক ২
চুরির চেষ্টার অভিযোগে আটক বাদশাহ ও খায়রুল। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখের সরকারি বাসভবনে চুরির চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের এক সহযোগী পালিয়ে যান।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মুবিন।

পুলিশ সূত্রে জানা যায়, পৌরশহরের বাসিন্দা বাদশাহ, খায়রুল ও রায়হান ওই রাতে ম্যাজিস্ট্রেটের সরকারি বাসভবনে চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে তাঁরা বাসার প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে বাসায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে বাদশাহকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে খায়রুলকেও আটক করা হয়। তবে এ সময় তাঁদের সহযোগী রায়হান পালিয়ে যান।

ঘটনার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ দাপ্তরিক কাজে আদালতে ছিলেন। তাঁর স্ত্রী বাসার ভেতরে অবস্থান করলেও প্রধান ফটকটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বাসা খালি ভেবে অভিযুক্তরা সেখানে প্রবেশের চেষ্টা করেন বলে জানা গেছে। বিষয়টি টের পেয়ে ম্যাজিস্ট্রেটের স্ত্রী পনির শেখকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, বিচারকের সরকারি বাসভবনে চুরির চেষ্টার ঘটনায় বাদশাহ ও খায়রুলকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) আব্দুস সালাম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত