Ajker Patrika

আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ
আজ বুধবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে জমিতে নির্মিত ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী ২০ নারী।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী। তাঁদের দাবি, অভিযুক্তদের ভয়ে তাঁরা সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ অন্যরা জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে ছিলেন। মেয়েরা হলেন খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। তাঁদের অভিযোগ, সামসুল হক খলিফা ভূমি অফিসে চাকরি করার সুবাদে তাঁর চার বোনকে ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করে বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি নিজের নামে রেকর্ড করিয়ে নেন। গত ৩০ বছর ধরে তিনি একাই ওই জমি ভোগদখল করেন।

তাঁরা আরও জানান, বোনেরা জমির অংশ চাইলে সামসুল হক নানা টালবাহানা করতেন। এরই মধ্যে তিনি ও তাঁর তিন বোন মারা যান। পরে সামসুল হকের ওয়ারিশদের কাছে জমির অংশ চাইলে তাঁরা দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় সামসুল হকের বোন জয়নব বিবি ২০১৬ সালে বরগুনা জজ আদালতে একটি দেওয়ানি মামলা করেন। এরপর তিনিও মারা যান। মামলার বাদী জয়নব বিবি মারা যাওয়ার পরও মামলাটি চলমান থাকে। চলতি বছরের ৫ অক্টোবর ওই মামলায় তাঁদের (বোনদের) পক্ষে রায় হয় বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নারীরা। তাঁরা সবাই ওই চার বোনের উত্তরসূরী।

সংবাদ সম্মেলনে নারীরা জানান, আদালতের রায়ের পর গত শুক্রবার তাঁরা ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের মাসুদ রানা, আবু জাফর, সাইফুল, সানাউল্লাহ ও আফরোজা খানম পারুলসহ তাঁদের লোকজন বিভিন্নভাবে হয়রানি করছেন। তারা সবাই সামসুল হক গং। ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে তাঁদের (নারীদের) পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

তাঁদের (নারীদের) দাবি, মাসুদ রানা ওই জমির কোনো ওয়ারিশ না হলেও সামসুল হক খলিফার ছেলের বউ আফরোজা খানম পারুলের পক্ষ নিয়ে তাঁদের হুমকি দিচ্ছেন। এমনকি তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে ভূমি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা। অভিযুক্তদের ভয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতেও সাহস পাচ্ছেন না বলে জানান ভুক্তভোগীরা। এ সময় তাঁরা মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুমাইয়া নামের এক নারী (২০ নারীর একজন) বলেন, ‘রাস্তায় দেখা হলেই মাসুদ রানা আমাকে নানাভাবে কটূক্তি করেন। বেশি বাড়াবাড়ি করলে আমার সন্তানকে অপহরণ করবেন বলেও হুমকি দেন। আমি সন্তানকে নিয়ে খুব ভয়ের মধ্যে আছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘আমি ওই জমির কোনো ওয়ারিশ নই। আমি কেন তাঁদের হয়রানি করতে যাব? আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ জমি নিয়ে আদালতের আদেশে থানায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। এরপরও হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে জান্নাতি আক্তার, লামিয়া, রানী বেগম, আবুল বাশার, মো. সাইফুল ইসলাম, মো. খোকন ও ফারুক হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত