Ajker Patrika

বেতাগীতে ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে ছাত্রদল নেতার বাসায় পুলিশের অভিযান, মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ আটক ৪
আটক ছাত্রলীগ ও ছাত্রদলের তিন নেতা। ছবি: তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সংগৃহীত

বরগুনার বেতাগীতে মাদক সেবনের অভিযোগে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াপদা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদার (৩০), উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দার (৩৮), উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. নাঈম খান (৩৩) এবং ছাত্রদলের কর্মী মো. মোনায়েম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বেতাগী থানা-পুলিশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব হোসেন জোমাদ্দারের বাসায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেতাগী থানার ডিউটি অফিসার এএসআই নাজমুল বলেন, দুটি রাজনৈতিক দলের চার নেতাকে মাদকসহ আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিস্তারিত নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে জানতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, মাদক সেবনের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। আটক চারজনের মধ্যে পূর্বের মামলার আসামিও রয়েছেন।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মাদক সেবনরত অবস্থায় ছাত্রদলের দুই নেতা আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই দুই নেতা বর্তমানে ছাত্রদলের কোনো কমিটিতে নেই। তাঁরা সাবেক কমিটির নেতা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত