থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের থানচিতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোওয়া ক্যং শিক্ষা প্রকল্পের শিক্ষার্থীরা। আজ শনিবার ভোর ৬টা থেকে পরিচালিত এ অভিযানে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত প্রকল্পের শিক্ষার্থীরা থানচি বাসস্টেশন, সাঙ্গু সেতু এলাকা, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও কলেজ ছাত্রাবাস এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিষ্কার করে।
অভিযানে সংগৃহীত ময়লা-আবর্জনা বস্তাবন্দী করে গাড়িতে তুলে উপজেলা ডাম্পিং স্টেশনে নেওয়া হয়।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের রোওয়া ক্যং প্রকল্পের সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), প্রকল্পের সুপারভাইজার হালিরাম ত্রিপুরা ও কোষাধ্যক্ষ চিংথোয়াই অং মারমা শিক্ষার্থীদের সঙ্গে থেকে কার্যক্রম পরিচালনা করেন।
শিক্ষিকা চেরি ত্রিপুরা ও হ্লায়ইচিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অভিযানে অংশ নেন।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের পরিচালক মংমংসিং বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলার শিক্ষা প্রকল্পের ২১টি বিদ্যালয়ে প্রতি সপ্তাহে এক দিন শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
মংমংসিং বলেন, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীকে পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। এ কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের বাইরে সামাজিক দায়িত্ব পালন, দলগতভাবে কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং নিজ এলাকার প্রতি দায়িত্বশীল হওয়ার সুযোগ তৈরি করছে।









