Ajker Patrika

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
সমু চৌধুরী। ছবি: সংগৃহীত

টিভি, মঞ্চ ও সিনেমার একসময়ের দাপুটে অভিনেতা সমু চৌধুরী। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। সোশ্যাল প্ল্যাটফর্মে ঘুরছে তাঁর অসংখ্য ভিডিও। তবে অভিনয় নয়, তাঁর দেখা মিলছে ভবঘুরের বেশে, অস্বাভাবিক অবস্থায়। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ছে অনলাইনে। অনেকে তাঁকে নিয়ে তৈরি করছেন ব্লগ, ছড়িয়ে দিচ্ছেন সমু চৌধুরীর অসংলগ্ন কথাবার্তা। সমু চৌধুরীর এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। তাঁর পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন সহকর্মীরা।

সম্প্রতি সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে জানান, কয়েক বছর ধরেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সমু চৌধুরী। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তাঁরা।

অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়াল অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানালেন, সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’

প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করছে অভিনয়শিল্পী সংঘ। প্রায় তিন বছর আগে সমু চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সে সময় সংগঠনটির সদস্যরা ছুটে গিয়েছিলেন তাঁর পাশে। রাশেদ মামুন অপু বলেন, ‘প্রথম থেকেই আমরা সমু চৌধুরীর পাশে আছি। গফরগাঁওয়ে সমু চৌধুরীকে অসংলগ্ন অবস্থায় পাওয়া গেলে শিল্পী সংঘ থেকেই ওনাকে নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ই আমরা চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলাম। কিন্তু তাঁর পরিবার সে সময় রাজি হয়নি। এবার তাঁর চিকিৎসার জন্য পরিবারের সম্মতি পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত