বোটের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে নদীতে আটকে পড়া রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী একটি বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে গত শনিবার রাত ১১টার দিকে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস নিয়ে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে বোটটি। পরদিন রোববার রাত ৮টার দিকে রূপের গাং নদী এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে। একপর্যায়ে বোটে থাকা এক ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১—এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে লইট্টা খালি খাল এলাকা থেকে বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার সরবরাহ করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।









