কৃত্রিম ডাকের ফাঁদে পরিযায়ী পাখি নিধন

অনুকূল পরিবেশ ও খাদ্যের খোঁজে শীতপ্রধান দেশে থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে এসব পাখি বিচরণ করছে। পাশের উপজেলা মোল্লাহাট ও চিতলমারীর খাল-বিল ও জলাশয়েও পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। তবে নিরাপদ আশ্রয়ের পরিবর্তে এসব জলাভূমি এখন পাখিশিকারিদের ফাঁদে পরিণত হয়েছে।
জাল ও নানা ফাঁদের পাশাপাশি রাতের আঁধারে সাউন্ড বক্সে পাখির কৃত্রিম ডাক বাজিয়ে এসব পাখি শিকার করছেন অসাধু ব্যক্তিরা। ধরা পড়া
পাখি জেলার বিভিন্ন হাটবাজারে গোপনে বিক্রি হচ্ছে। কোথাও প্রকাশ্যে চলছে বেচাকেনা।
সম্প্রতি সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, ফকিরহাটের মায়ারখালী বিল ও বগুড়ার বিল; মোল্লাহাটের কেন্দুয়া বিল ও কোদলার বিল; চিতলমারীর খড়িবুনিয়া বা খরিয়া বিল, সোনাখালী বিল, রুয়েরকুল, বারাশিয়া বিল ও সাবোখালী এবং তিন উপজেলাজুড়ে বিস্তৃত কালশিরা বিলে ফাঁদ পেতে পরিযায়ী পাখি শিকার করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন মাছের ঘেরেও জাল পেতে এসব পাখি শিকার চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারুইডাঙ্গার বিল, বগুড়ার বিল, কোদলার বিল, হুচলা, ডহর মৌভোগ, মুলঘর, ফলতিতা, কাকডাঙ্গা, কলকলিয়া ও কেন্দুয়া বিলসহ আশপাশের জলাশয়ে নিয়মিত পাখি শিকার হচ্ছে। শিকার ও বিক্রি করা পাখির মধ্যে রয়েছে রাতচরা বা নিশি বক, সোনাজঙ্গ, ডুঙ্কর, খেনি, স্নাইপ বা কাদাখোঁচা ও বুনো হাঁস। এ ছাড়া দেশি পাখি পানকৌড়ি, সারস, বক, ঘুঘু ও ডাহুকও শিকার করে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
গভীর রাতে নির্জন জলাশয়ের পাশে সাউন্ড বক্সে বিভিন্ন প্রজাতির পাখির ডাক বাজানো হয়। কৃত্রিম সেই ডাক শুনে অন্য পাখিরা জলাশয়ে নামলে জাল ও ফাঁদে আটকা পড়ে।
শিকার করা পাখি বিক্রির জন্য গড়ে উঠেছে একাধিক নেটওয়ার্ক। ফকিরহাটের ফলতিতা বাজার ছাড়াও কোদালিয়া, মোল্লারকুল, সরসপুর, চুনখোলা, চান্দেরহাট ও কামারগ্রামে পাখি কেনাবেচার অভিযোগ রয়েছে।
সম্প্রতি ক্রেতা সেজে ফকিরহাটের ফলতিতা বাজারে গেলে বিক্রেতাদের মধ্যে ক্যামেরা এড়িয়ে চলার প্রবণতা দেখা যায়। ভিডিও ধারণে বাধা দিয়ে তাঁরা বেচাকেনা আড়াল করার চেষ্টা করেন। এ সময় এক বিক্রেতা চারটি বালি হাঁসের দাম হাঁকেন সাড়ে ৩ হাজার টাকা। ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে তিনি সেখান থেকে চলে যান।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আকারভেদে প্রতি জোড়া পরিযায়ী পাখি ৩০০ থেকে ১ হাজার টাকা এবং দেশি পাখি ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, ‘পরিযায়ী পাখি শিকারের বিষয়টি জানতে পেরেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির জানান, অভিযোগ ওঠা তিন উপজেলায় তাঁদের জনবল মাত্র তিনজন। এত কমসংখ্যক কর্মী দিয়ে নিয়মিত তদারকি করা কঠিন।









