Ajker Patrika

ফকিরহাটে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কা
বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা। অন্যদিকে অতিবৃষ্টিতে শীতকালীন সবজি, আলু ও আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। নিম্নাঞ্চলের মাছের ঘের প্লাবিত হওয়ার শঙ্কায় উদ্বিগ্ন চাষিরাও।

গত বুধবার দিবাগত রাত থেকে উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। আজ শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফকিরহাট সদর বাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে দুর্ভোগ আরও বেড়েছে।

ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ের বস্তিতে বসবাস করেন রমজান সেখ, জামাল হোসেনসহ কয়েকটি পরিবার। তাঁরা জানান, পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। শীতের শুরুতে টানা বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে। ভিজে গেছে বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র। ছোট শিশুদের নিয়ে শীত ও বৃষ্টিতে চরম কষ্টে দিন কাটছে তাঁদের।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাস করা প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টির পানিতে কাদা হয়ে গেছে পুরো এলাকা। তাঁদের কুঁড়েঘরের অর্ধেক পানিতে ডুবে গেছে। এতে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী না থাকায় তাঁদের আয় বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রতিদিনের উপার্জনেই কোনোমতে সংসার চলে। এখন বৃষ্টির কারণে সেই আয়ের পথও বন্ধ।

এদিকে, অসময়ের বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, সামান্য বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও টানা ভারী বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আলুখেতে ছত্রাকজনিত রোগ দেখা দেওয়া ও আলু পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। ক্ষতি হতে পারে শীতকালীন অন্যান্য সবজিরও। বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বগুড়ার বিল এলাকার চাষি শহিদুল জানান, বৃষ্টির পানিতে তাঁর বেগুনখেত তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ কারণে অনেক চাষি মাটির বাঁধ উঁচু করার পাশাপাশি ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিচ্ছেন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন এবং বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শও দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত