
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
এ ছাড়া বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খানসহ উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপির নেতারা পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত শেখ পরিবারের পক্ষ থেকে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শনিবার রাতে মো. মিরন শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে চিতলমারী থানায় মামলা করেছেন।
এর আগে চিতলমারী থানা-পুলিশ বাদী হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশীয় অস্ত্র নিয়ে মহড়াসহ বিভিন্ন বিষয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। মামলায় বিশ্বাস বংশের দুজনকে গ্রেপ্তার ও রামদা, টেঁটা, কাস্তেসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার তিন দিন পরও এলাকাজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। পুরুষশূন্য দুই বংশের বেশির ভাগ পরিবার। এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নারী-শিশুসহ বয়স্করা।
জানা গেছে, মধুমতী নদীর চরের জমি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন চিংগড়ী ও মচন্দপুর গ্রামের বিশ্বাস ও শেখ বংশের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার বিকেলে আরিফ শেখ নামের এক যুবককে মাছ ধরার দেশীয় অস্ত্র ফুলকুচি দিয়ে আঘাত করেন বিশ্বাস বংশের লোকেরা। পরে শেখ পরিবার ও বিশ্বাস পরিবারের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে বিশ্বাস বংশের লোকেরা শেখ পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে অন্তত ৪০টি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। আর শেখ বংশের সদস্য রাজিব শেখ নিহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার তিন দিন পরও চিংগড়ী ও মচন্দপুর এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। গ্রেপ্তার আতঙ্কে বাড়িছাড়া বিশ্বাস ও শেখ পরিবারের বেশির ভাগ পুরুষ সদস্য। আর বিশ্বাস পরিবারের নারীরা রয়েছেন শেখ পরিবারের হামলার শঙ্কায়। গত শুক্রবার সকাল থেকে সংসারের মূল্যবান মালামাল সরিয়ে নিচ্ছেন এলাকার বাইরে।
চিতলমারীর ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের সদস্যদের শুকনো খাবার দেওয়া হয়েছে। আর যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা আবেদন করলে ঢেউটিনসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় শেখ বংশের মিরন শেখ বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সিলেটে দেড় বছরের কন্যাসন্তানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। মাকে আটক করেছে পুলিশ। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা আবু জাফর রোড এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উত্তেজনা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
৩৩ মিনিট আগে
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে