Ajker Patrika

মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
আজ সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবি হিমেল বরকতের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কবি, গবেষক ও প্রাবন্ধিক ড. হিমেল বরকতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, দোয়া, মিষ্টি বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়।

রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁরা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাঁর বাড়িতে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সকাল ১০টায় কবির বাড়িতে স্মরণসভার আয়োজন করা হয়। রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সফরুল ইসলাম, কবির বাল্যবন্ধু জানে আলম বাবু, মিজানুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একজন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার, সাহিত্যগবেষক ও অধ্যাপক। বড় ভাই কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মতো তিনিও লেখনীর মাধ্যমে সমাজের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

আলোচনা শেষে রুদ্রের প্রতিষ্ঠিত সংগঠন অন্তর বাজাও শিল্পী গোষ্ঠীর শিল্পীরা হিমেল বরকতের লেখা গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুদ্র স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান টিটো।

ড. হিমেল বরকতের উল্লেখযোগ্য প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—‘চোখে চৌদিকে’ (২০০১), ‘দশ মাতৃক দৃশ্যাবলি’ (২০১৪), ‘সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু’ গবেষণাগ্রন্থ (২০১৩), গবেষণাগ্রন্থ ‘প্রান্তস্বর ব্রাত্যভাবনা’ (২০১৭), ছড়ার বই ‘ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়’ এবং ছোটগল্পের বই ‘আয়না’ ও ‘পেনসিল ও রাবারের গল্প’।

এ ছাড়া তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলি’ (২০০৫), ‘কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র’ (২০০৫), ‘চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ’ (২০১২), ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা’ (২০১২), ‘বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ’ (২০১৩) এবং ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ’ (২০১৫)। এ ছাড়া রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে তাঁর সম্পাদিত একটি অনুকাব্যও রয়েছে। তাঁর বেশ কিছু কবিতার বই ও গান এখনো অপ্রকাশিত।

প্রসঙ্গত, ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। ২০০৫ সালে ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। পরের বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক পদে উন্নীত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিশ্ববিদ্যালয়েই কর্মরত ছিলেন। ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত